আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন। ছবি: সংগৃহীত
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশের তিন ক্রিকেটার দল পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় বাছাইয়ে সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেনকে তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজি দলে অন্তর্ভুক্ত করেছে।
বাছাইয়ের ডায়মন্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে নিয়েছে টিম পাকতিয়া। একই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। অন্যদিকে স্বর্ণ ক্যাটাগরি থেকে শামীম হোসেনকে বেছে নিয়েছে অ্যাকসেল ইউনাইটেড কাবুল।
খেলোয়াড় বাছাইয়ের জন্য প্লাটিনাম, ডায়মন্ড, স্বর্ণ, রৌপ্য ও উদীয়মান—এই পাঁচ শ্রেণিতে মোট ৪৬২ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করার কথা ছিল। তবে বাংলাদেশের একাধিক পরিচিত ক্রিকেটার নিবন্ধন করলেও শেষ পর্যন্ত দল পাননি। তাঁদের মধ্যে রয়েছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
পাঁচ দল নিয়ে নতুনভাবে সাজানো এপিএলের পরবর্তী আসর আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ এখনো ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে।
এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো আফগানিস্তান প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই আসরই ছিল টুর্নামেন্টটির একমাত্র আয়োজন। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো আন্তর্জাতিক তারকারা এতে খেলেছিলেন।
তবে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিরোধ এবং প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পর টুর্নামেন্টটি আর চালু রাখা সম্ভব হয়নি। এক মৌসুমের পরই বন্ধ হয়ে যায় এপিএল। দীর্ঘ বিরতির পর নতুন কাঠামোয় প্রতিযোগিতাটি ফের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ সাকিব আল হাসান নাহিদ রানা শামীম হোসেন বাংলাদেশ ক্রিকেট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!