ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে মিরপুর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
ট্রাফিক মিরপুর বিভাগও তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় যানজটের বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। একই সঙ্গে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। কয়েক ঘণ্টা ধরে চলা ওই কর্মসূচিতে ব্যাপক যানজট তৈরি হয়। কর্মস্থল ও গন্তব্যে যেতে গিয়ে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা। দুই দিনের ব্যবধানে একই দাবিতে আবারও সড়ক অবরোধের ঘটনায় মিরপুরের যান চলাচলে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে।
মিরপুর পোশাকশ্রমিক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!