জাপান সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বিভিন্ন চুক্তি ও সমঝোতা হয়েছে। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এসব উদ্যোগের লক্ষ্য।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সফর করেন তারেক রহমান। সফরের বিভিন্ন অর্জনের বিষয়ে তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
স্বাক্ষরিত ছয়টি দলিলের একটি হলো বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সরবরাহের জন্য অনুদান চুক্তি। এর আওতায় সর্বোচ্চ ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলারের সমান, অনুদান দেওয়ার কথা রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যুক্ত রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ব্যবসার পরিবেশ উন্নত করার বিষয়টি এই সমঝোতার মূল লক্ষ্য।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও পৃথক দুটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এসব সমঝোতার মাধ্যমে সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএসডিপি) নিয়েও একটি সহযোগিতা স্মারক হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগ বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।
সহযোগিতার পাশাপাশি দুটি প্রকল্পে ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে জাপানের কাছ থেকে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের একটি প্রকল্প বাস্তবায়নে ১৫.৮৮ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১০০.৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা রয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে আরও ৩০.৬৮ বিলিয়ন ইয়েন, যা প্রায় ১৯৪.৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান, ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুই প্রকল্পে ঋণের মোট পরিমাণ ৪৬.৫৬ বিলিয়ন ইয়েন বা প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ছয়টি সহযোগিতা দলিল ও দুটি প্রকল্পে ঋণের প্রতিশ্রুতিকে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ-জাপান সম্পর্ক তারেক রহমান দ্বিপক্ষীয় সহযোগিতা ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!