যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ PM ৬৩
আত্মসমর্পণের পর ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এজলাসে উপস্থিত হয়ে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।

মামলাটিতে বুধবার (৪ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়ে আবেদন করেন। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তাঁর অভিযোগ ছিল, বারবার সময় চাওয়ার মাধ্যমে আদালতের কার্যক্রম বিলম্বিত করা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সময়ের আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

ঢাকা বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই সাভার থানায় পরীমনি এবং তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলাটি করেন। মারধর, ক্লাবে ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। ২০২৫ সালের ২৬ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। ওই সময়ও আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরদিন ২৭ জুন আত্মসমর্পণের পর তা প্রত্যাহার করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন ঢাকা জেলা পিবিআইয়ের পরিদর্শক মো. মনির হোসেন। অভিযোগপত্রে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে বোট ক্লাবে গিয়ে তিন লিটারের একটি ব্লু লেবেল মদের পার্সেল বিনা মূল্যে না পেয়ে নাসির উদ্দিনের সঙ্গে বিরোধে জড়ান পরীমনি। একপর্যায়ে অ্যাশট্রে ছুড়ে মারলে নাসিরের ডান কানের ওপরের অংশে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি ক্লাবের বারে ভাঙচুর এবং বাধা দেওয়ায় জিমির বিরুদ্ধে নাসিরকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ওই ঘটনার কয়েক দিন পর সংবাদ সম্মেলনে বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন পরীমনি। ২০২১ সালের ১৩ জুন তিনি নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর নাসির উদ্দিন জামিনে মুক্তি পান। পরীমনির দায়ের করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলাটির বিচারকাজ বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

পরীমনি পরীমনির জামিন নাসির উদ্দিন মাহমুদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!