এমআইএসটির কাউন্সিলের ২৩তম সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
প্রকৌশল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং উচ্চশিক্ষাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সময়ের চাহিদা এবং পরিবর্তিত প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্য অর্জনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা ও গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসবেন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিগ ডাটা এবং রোবটিক্সের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন জরুরি। এসব প্রযুক্তিতে জ্ঞান ও গবেষণার বিস্তার দেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে এমআইএসটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাউন্সিল সভার কার্যক্রম শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।
প্রকৌশল শিক্ষা শিক্ষামন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!