পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের গ্রেডভেদে ন্যূনতম মাসিক মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তাঁর দাবি, ২০২৩ সালের মজুরি বৃদ্ধির পর তিন বছরের ব্যবধানে এই নতুন কাঠামো শ্রমিকদের আয় ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। বর্ধিত মূল মজুরির পাশাপাশি শ্রমিকেরা নিয়ম অনুযায়ী ওভারটাইম ও বোনাসও পাবেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন তিনি। সেখানে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক সাফল্যের পেছনে শ্রমিকদের পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার বড় অবদান রয়েছে। তাই তাঁদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাকে তিনি অর্থনৈতিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় সবচেয়ে বেশি মজুরি নির্ধারণ করা হয়েছে প্রথম গ্রেডে। এ গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মীদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশ।
দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ নির্ধারিত পদগুলোর ন্যূনতম মাসিক মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। মাহ্দী আমিনের হিসাবে, এ গ্রেডে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে বৃদ্ধির হার ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে মজুরি বৃদ্ধির হার ৩৬ শতাংশ।
নতুন মজুরি কাঠামো তৈরির ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও প্রত্যাশার পাশাপাশি মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান মাহ্দী আমিন। তাঁর বক্তব্য অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐকমত্যের ভিত্তিতে কাঠামোটি নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের টেকসই উন্নয়নকে পরস্পরনির্ভর বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, শিল্পের উৎপাদন সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত রাখা সম্ভব। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি উদ্যোক্তাদের বিনিয়োগের আস্থাও বজায় রাখতে হবে।
পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন শ্রমিক ও মালিক—উভয় পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অনুরোধ করেন। তাঁর আহ্বান, অপপ্রচার, উসকানি কিংবা বিভ্রান্তিকর তথ্যের প্রভাবে না পড়ে সবাই যেন নিজ নিজ কর্মস্থলে দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখেন।
নতুন মজুরি কাঠামো প্রণয়নে মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের ভূমিকার প্রশংসা করেন তিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকদের সক্ষমতা এবং দেশের অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাকেই সরকারের লক্ষ্য হিসেবে তুলে ধরেন এই উপদেষ্টা।
পোশাকশ্রমিকদের মজুরি নতুন মজুরি কাঠামো মাহ্দী আমিন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!