যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রি, ঠান্ডাজনিত অসুস্থতায় বাড়ছে ভোগান্তি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ PM ৭
কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রি, ঠান্ডাজনিত অসুস্থতায় বাড়ছে ভোগান্তি

তীব্র শীত উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে কাজে বের হচ্ছেন কুড়িগ্রামের শ্রমজীবী মানুষ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে শীতের প্রভাবে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল-সন্ধ্যার ঠান্ডা বেড়েছে। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, আর সর্দি, জ্বর ও গলাব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না অনেকেই। কিন্তু দিনমজুর, ভ্যানচালক ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্য ঘরে থাকার সুযোগ সীমিত। আয় বন্ধ হওয়ার আশঙ্কায় কনকনে ঠান্ডার মধ্যেও তাঁদের কাজে যেতে হচ্ছে। শিশু ও বয়স্করাও শীতের কারণে বাড়তি ভোগান্তিতে পড়েছেন।

রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের কৃষক নওশাদ আলী (৬৫) জানান, ঠান্ডার কারণে জমিতে নিরানি দেওয়ার কাজ করতে পারছেন না। বুধবার তিনি মাঠে যাননি। বয়সের কারণে এ আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্রমিক খমির হোসেনের কথায় উঠে এসেছে নিম্ন আয়ের মানুষের সংকট। স্থানীয় ভাষায় তিনি বলেন, দরিদ্র হওয়ায় কাজ বাদ দেওয়ার উপায় নেই। শীত বাড়লেও অর্থের অভাবে এখনো গরম কাপড় কিনতে পারেননি। ফলে ঠান্ডার মধ্যেই তাঁকে কাজে বের হতে হচ্ছে।

শীতের প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিস্থিতিতেও। কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমির হোসেন (৬১), করিমন বেওয়া (৫৭) ও রবিউল (৩২) জানান, সর্দি, জ্বর ও গলাব্যথার কারণে তাঁরা চিকিৎসা নিচ্ছেন। তবে এখনো সুস্থ হয়ে ওঠেননি। বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আহসান হাবিব (৫৫) বলেন, সকালে যাত্রী নিয়ে শহরে আসতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হয়েছে। তাঁর হাত-পা জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমেছে। এ ছাড়া হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে রংপুর অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে।

কুড়িগ্রামে শীত কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাজনিত অসুস্থতা ঘন কুয়াশা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!