যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বৃদ্ধির দাবিতে হেমায়েতপুরে উত্তেজনা, আশুলিয়ায় বন্ধ ৪১ কারখানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ PM ৭
মজুরি বৃদ্ধির দাবিতে হেমায়েতপুরে উত্তেজনা, আশুলিয়ায় বন্ধ ৪১ কারখানা

সাভারের হেমায়েতপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে শ্রমিকেরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একই সময়ে শ্রমিক অসন্তোষের প্রভাবে আশুলিয়ার ৪১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে হেমায়েতপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। পরে কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে বাগবাড়ি মোড়ে সমবেত হন। সেখান থেকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের সচল কারখানাগুলোতেও গিয়ে অন্য শ্রমিকদের কাজ ছেড়ে বাইরে আসার আহ্বান জানান। এ সময় কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের চেষ্টার ঘটনাও ঘটে। এতে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সাভার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ঘটনার পর বাগবাড়ি মোড়সহ হেমায়েতপুরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানা এলাকার ৪১টি পোশাক কারখানায় বুধবার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এসব কারখানার মধ্যে ২২টি শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি ১০টিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সকালে হেমায়েতপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর প্রভাবে ওই এলাকার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। তিনি আরও বলেন, আশুলিয়ায় প্রকাশ্যে কোনো বিক্ষোভ না হলেও শ্রমিকদের অসন্তোষের কারণে ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ সাভার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!