যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ থামাতে নেতৃত্বকে নিশানা করার চিন্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ PM ১০
ইরান যুদ্ধ থামাতে নেতৃত্বকে নিশানা করার চিন্তা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন করে হত্যামূলক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটনের একাংশ মনে করছে, ইরানের প্রভাবশালী নেতাদের সরিয়ে দিলে যুদ্ধ বন্ধের পথ তৈরি হতে পারে। তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এ উদ্যোগের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, এতে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এবং প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং বিষয়টি নিয়ে আলোচনার সঙ্গে পরিচিত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের লক্ষ্য করে হামলার বিষয়টি সম্ভাব্য কৌশল হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

পরিকল্পনার সমর্থকদের যুক্তি, ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হলে তেহরানের ওপর চাপ বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং ইরানের নেতৃত্বকে যেকোনো সময় লক্ষ্যবস্তু করার সামর্থ্য সম্পর্কে বার্তা দেওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।

অন্যদিকে, এ পরিকল্পনার বিরোধিতাকারী কর্মকর্তারা মনে করছেন, নেতৃত্বকে হত্যার চেষ্টা করলে ইরানের অবশিষ্ট নেতারা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে যুদ্ধ বন্ধের আলোচনা জটিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় অংশগ্রহণের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। অভিযানের প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতাও প্রাণ হারান।

খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয় মাস ধরে চলা সংঘাতেও যুদ্ধ বন্ধের কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে ইরানের নেতৃত্বকে আবারও লক্ষ্যবস্তু করার বিষয়টি ট্রাম্প প্রশাসনের আলোচনায় এসেছে। তবে এ ধরনের অভিযান বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে তার কূটনৈতিক ও সামরিক প্রভাব কী হতে পারে, তা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই মতভেদ রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ইরান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!