ছবি: সংগৃহীত
ইয়েমেন ইস্যুতে সৌদি আরবকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সরকারের কর্মকর্তারা। ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত সৌদির জন্য ক্ষতির কারণ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস।
বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বক্তব্যে আবু রাস বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েও সৌদি আরব ইয়েমেনে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ভবিষ্যতেও বিভিন্ন পক্ষের সহায়তা নিয়ে তারা সফল হবে না বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশটির সম্পদ নিয়ন্ত্রণ এবং সামাজিক কাঠামো দুর্বল করার যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
হুথি কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় সামরিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করেও ইয়েমেনের জনগণকে দমন করতে পারেনি। সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে হুথিরা সৌদি আরবের রপ্তানি কার্যক্রম লক্ষ্য করে নৌ অবরোধের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে লোহিত সাগর অঞ্চলে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেন সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ইয়েমেন সংকট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!