ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় রহস্য-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’র তৃতীয় কিস্তি নিয়ে নতুন খবর প্রকাশ্যে এসেছে। ‘কাহানি ৩’ সিনেমায় এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আগের দুই সিনেমার মতো এবার আর দেখা যাবে না বিদ্যা বালানকে।
পরিচালক সুজয় ঘোষ নতুন গল্প ও ভিন্ন আবহে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাহানি ৩’-এর গল্প আগের দুই পর্বের সরাসরি ধারাবাহিকতা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিটির রহস্য, উত্তেজনা ও থ্রিলারধর্মী বৈশিষ্ট্য বজায় রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমায় ইয়ামি গৌতমের চরিত্রটি হবে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই শুটিং শুরুর সময়সূচি চূড়ান্ত করা হবে।
নির্মাতারা মনে করছেন, নতুন গল্পের মাধ্যমে ‘কাহানি’ সিরিজকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব হবে। সুজয় ঘোষ তাঁর টিমের সঙ্গে কাজ করছেন, যাতে নতুন কাহিনি হলেও আগের সিনেমার পরিচিত রহস্যময় পরিবেশ অক্ষুণ্ণ থাকে।
২০১২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘কাহানি’ সিনেমায় বিদ্যা বালান অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে। কলকাতার পটভূমিতে এক অন্তঃসত্ত্বা নারীর নিখোঁজ স্বামীকে খোঁজার রহস্যঘেরা গল্প দর্শকদের ব্যাপক প্রশংসা পায়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু: দুর্গা রানী সিং’।
এবার ইয়ামি গৌতমের হাত ধরে নতুন এক রহস্যের জগতে প্রবেশ করতে যাচ্ছে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজি।
কাহানি থ্রি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!