ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের নতুন সিনেমা ‘ড্রাগন’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন এই তেলেগু সুপারস্টার।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। ছবির বড় একটি অ্যাকশন দৃশ্য ধারণের জন্য সেখানে তৈরি করা হয়েছে বিশাল ইউরোপিয়ান ধাঁচের সেট। নির্মাতারা জানিয়েছেন, দর্শকদের আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এই আয়োজন করা হয়েছে।
প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী বড় পরিসরের অ্যাকশন ও নাটকীয় উপস্থাপনার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে সিনেমার অ্যাকশন সিকোয়েন্স। বিশেষ করে জুনিয়র এনটিআরের স্টান্ট দৃশ্যগুলো ছবির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত ‘ড্রাগন’-এর টিজারে জুনিয়র এনটিআরকে ‘লুগার’ নামে এক ভয়ংকর আন্তর্জাতিক আততায়ী চরিত্রে দেখা গেছে। টিজারে অপরাধ, রাজনীতি ও মাদক চক্রকে ঘিরে তৈরি রহস্যময় গল্পের আভাস পাওয়া গেছে।
সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। নারকোটিকস ব্যুরোর প্রধান চরিত্রে তাঁর সঙ্গে মুখোমুখি সংঘাত দেখা যাবে বলে জানা গেছে। ‘ওয়ার ২’-এর পর এটি হবে তাদের দ্বিতীয় যৌথ কাজ।
এ ছাড়া সিনেমায় অভিনয় করছেন রুক্মিণী বসন্ত ও আশুতোষ রানা। বড় বাজেট, শক্তিশালী অভিনয়শিল্পী এবং প্রশান্ত নীলের নির্মাণশৈলীর কারণে ‘ড্রাগন’ মুক্তির আগেই আলোচনার শীর্ষে রয়েছে।
জুনিয়র এনটিআর ড্রাগন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!