সংগৃহীত ছবি
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে করাচি-চামান মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় একটি গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিতনা-আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যরা মহাসড়কটিতে একটি চেকপোস্ট স্থাপন করেছিল। সেখানে যাত্রী ও যানবাহন থামিয়ে অপহরণ, চাঁদাবাজি এবং যানবাহন ছিনতাই করা হতো বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
১৮ ও ১৯ সেপ্টেম্বর ওই চেকপোস্ট পার হওয়ার সময় বেশ কয়েকজন মানুষ বিপদের মুখে পড়েন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির সময় পাঁচজন নিহত হয় বলে আইএসপিআর জানিয়েছে।
অভিযানে ছয়টি ট্রাক, তিনটি বাস ও দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!