যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM ৯
জাবির ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে admission.juniv.edu ওয়েবসাইটে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারি। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময়সূচি এবং আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইউনিটভেদে আবেদন ফিও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন করতে লাগবে ৮০০ টাকা। ই ইউনিটে ফি ৭০০ টাকা। অন্যদিকে সি১ ইউনিট এবং আইবিএ-জেইউর জন্য আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

আবেদন ফি পরিশোধের জন্য শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট ইউনিটের শর্ত ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ভর্তি ২০২৬-২৭ প্রথম বর্ষ ভর্তি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!