যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ PM ২
মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের পর অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সেখানে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল ছুড়ে মারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

কামাল সরদারের অভিযোগ, এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাতের অন্ধকারে কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনতে পান।

পুলিশের তথ্যমতে, রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে সেটি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মুলাদী বিএনপি কার্যালয় ককটেল বিস্ফোরণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!