যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাচারের আগে উদ্ধার নারী-শিশুসহ ৮ জন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ PM ৫
টেকনাফে পাচারের আগে উদ্ধার নারী-শিশুসহ ৮ জন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মানব পাচারের শিকার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর জন্য জড়ো করা নারী-শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। কক্সবাজারের টেকনাফে পরিচালিত এ অভিযানে পাচারকারীদের পালানোর সময় গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযানটি চালানো হয়। ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর সূত্র জানায়, ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছিল। তাঁদের নৌকায় তুলে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

অভিযানের সময় কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে যাওয়ার সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন পাচারকারীরা।

পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে সেনাবাহিনী মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় দিয়েছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

যৌথ বাহিনী জানিয়েছে, মানব পাচার ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ দমনে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও চলাচলের পথেও নজরদারি বাড়ানো হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে বাহিনীটি।

জননিরাপত্তা নিশ্চিত করতে মানব পাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

টেকনাফ মানব পাচার যৌথ বাহিনীর অভিযান নারী ও শিশু উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!