টানা বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা আমন ধান ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলায় কৃষিক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে কাটা আমন ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কার পাশাপাশি জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন সরিষা, আলু, পেঁয়াজ, রসুন ও শীতকালীন সবজি চাষিরা। ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন আবহাওয়ায় আর্থিক লোকসানের চিন্তায় দিন কাটছে কৃষকদের।
শুক্রবার থেকে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন ফসলি জমিতে পানি জমেছে। কোথাও কাটা ধান মাঠেই ভিজে রয়েছে, আবার কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা ধান বাতাসে হেলে পড়ে পানিতে ডুবে যাচ্ছে। এতে ফসলের ক্ষতির পাশাপাশি ধান শুকানো, মাড়াই ও জমি প্রস্তুতের কাজে বাড়তি খরচের আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষক শফির উদ্দিন এবার ৫৮ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। এর মধ্যে ১২ বিঘার ধান কেটে মাঠে রেখেছিলেন। খড় শুকানোর পর মাড়াই করার পরিকল্পনা থাকলেও বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। রোববার মাঠপর্যায়ে সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়। শফির উদ্দিন জানান, জমিতে থাকা বাকি ধানও বাতাসে হেলে পড়েছে এবং পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ফলন কমার পাশাপাশি ধান শুকানো ও মাড়াইয়ের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে, যা তাঁর উৎপাদন ব্যয় বাড়াবে।
সরিষা চাষেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের কৃষক ফারুক মোল্লা কয়েক দিন আগে ১০ বিঘা জমিতে সরিষা বুনেছেন। কিছু জমিতে চারা উঠলেও তিন দিনের বৃষ্টিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। যেসব বীজ এখনো অঙ্কুরিত হয়নি, সেগুলো ঠিকমতো গজাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে জমিতে পানি জমে থাকলে নতুন গজানো চারায় পচন ধরার আশঙ্কাও করছেন তিনি। তাঁর মতো এলাকার আরও কৃষকের সরিষা আবাদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের হিসাবে, ওই এলাকায় প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা জমির সরিষা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আদমদীঘি সদর ইউনিয়নের শালগ্রাম গ্রামের কৃষক আব্দুল গফুরের আশঙ্কা, বৃষ্টির পানি শুকাতে সময় লাগলে রবি শস্যের চাষ শুরু করতে বিলম্ব হবে। জমি প্রস্তুত করতে দেরি হলে অনেক কৃষক পরবর্তী ফসল আবাদে আগ্রহ হারাতে পারেন বলেও মনে করছেন তিনি।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আমন ধান কাটার পরপরই কৃষকেরা রবি শস্যের আবাদ শুরু করেন। চলতি মৌসুমে আদমদীঘিতে ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা, ৩ হাজার হেক্টরে আলু, ৫৫ হেক্টরে কাঁচা মরিচ এবং ৩৭০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান আবহাওয়ায় এসব আবাদ নির্ধারিত সময়ে শুরু করা যাবে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম জানান, বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কিছু ক্ষতিগ্রস্ত ফসল পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে সব ফসলের ক্ষতি হবে এমন নয়; কোনো কোনো শাকসবজি ও কৃষিপণ্যের জন্য এই বৃষ্টি উপকারীও হতে পারে। মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব করা হবে বলে জানান তিনি।
কৃষকের ক্ষতি আমন ধান টানা বৃষ্টি ঘূর্ণিঝড় আকভান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!