স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদো। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে নজরদারি ও গভীর সমুদ্রে টহল কার্যক্রম আরও শক্তিশালী করতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে জাহাজ সংগ্রহ, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত কাজ করছে। বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের কার্যক্রম সম্প্রসারণের জন্য ভবিষ্যতে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়টি গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে উপযুক্ত দেশ থেকে জাহাজ কেনার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক নীতি অনুসরণের ওপর জোর দেন।
দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় আসে। পাশাপাশি সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার, জলদস্যুতা প্রতিরোধ এবং বাহিনীর কারিগরি সক্ষমতা বাড়াতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও মতবিনিময় হয়।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশের বাহিনীর পেশাগত দক্ষতার প্রশংসা করেন। জলদস্যুতা প্রতিরোধে ইতালির অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। দুই পক্ষ নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক কার্যক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হয়।
সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি কর্মকর্তাদের পাশাপাশি সাতটি বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) ও মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং যুগ্ম সচিব রেবেকা খানসহ দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড ইতালির কোস্ট গার্ড সালাহউদ্দিন আহমদ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!