যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার হবেন পলাতক আসামি, সতর্ক বিজিবি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM | সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ PM ৮
সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার হবেন পলাতক আসামি, সতর্ক বিজিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি আসামি দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও দেশ থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার ঘটনা ঠেকাতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ও বিজিবির কার্যক্রম তুলে ধরে এসব কথা বলেন তিনি।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দেশের সার্বভৌমত্ব সুরক্ষা, সীমান্ত নিরাপদ রাখা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলো শনাক্ত করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত পাহারায় তিনটি ব্যাটালিয়নের সদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে বলে জানান সেক্টর কমান্ডার।

বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্ত এলাকায় ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয় এবং পাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক চোরাচালানের অভিযোগে ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির এই কর্মকর্তা। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত পারাপারের কোনো চেষ্টা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা বজায় রাখতে নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেক্টর কমান্ডার।

পলাতক আসামি অবৈধ অনুপ্রবেশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!