যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ইরানের মাথাব্যথা নেই: বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ PM ৩
ইসরায়েলের নির্বাচনে কে জিতল, তা নিয়ে ইরানের মাথাব্যথা নেই: বাঘাই

ছবি:সংগৃহীত

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলের নেতৃত্বে কে আসছেন, তা নিয়ে ইরানের কিছু যায় আসে না।

সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাঘাই। বার্তা সংস্থা এএফপি ও ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাঘাই বলেন, যে শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা ও গণহত্যা ছাড়া আর কিছুই নিয়ে আসেনি, তাদের নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে ইরানের কোনো মাথাব্যথা নেই। ইসরায়েলের নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ইরানের এই মুখপাত্রের অভিযোগ, ইসরায়েলের রাজনীতিকদের মধ্যে কে বেশি মানুষ হত্যা করতে পারেন, তা নিয়ে প্রতিযোগিতা চলছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা এবং বিভিন্ন অভিযানের দায় প্রতিপক্ষের ওপর চাপানোর অভিযোগও তোলেন তিনি।

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষক ও জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে।

এদিকে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু একাধিকবার ইরানের সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। রোববার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের শাসনব্যবস্থা উৎখাতের নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)।

জবাবে বাঘাই নেতানিয়াহুর বক্তব্যকে ফাঁকা হুমকি হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, এসব মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর মরিয়া অবস্থার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি, লেবাননের পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বাঘাই।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং এর ফলে পুরো অঞ্চলে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় না নিয়ে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা সম্ভব নয়। এসব বিষয় বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকবে বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!