যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM ৩
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আলোচনায় আসে। এ ঘটনার পর দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের অর্জিত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এসব আসনের একটিতে নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। তাঁর পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এলিজা জামান বিএনপির প্রার্থী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!