যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধের মামলা: আমু-শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ PM | সর্বশেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ PM ৩
মানবতাবিরোধী অপরাধের মামলা: আমু-শাজাহানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও শাজাহান খানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (২৬ অক্টোবর) চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দায় বা সুপিরিয়র রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে চলতি সপ্তাহে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামীম উপস্থিত ছিলেন।

এই মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খান ছাড়া যাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

এর আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর এখন অভিযোগ যাচাই-বাছাই এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

মানবতাবিরোধী অপরাধ বৈষম্যবিরোধী আন্দোলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!