যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ধাক্কার পর ট্রাম্পের থেকে বেরোতে চাইছেন ভ্যান্স?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ PM ৫১
নির্বাচনী ধাক্কার পর ট্রাম্পের থেকে বেরোতে চাইছেন ভ্যান্স?

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর রাজনৈতিক বক্তব্য ও প্রচারের কৌশলে নতুন করে জোর দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো সরাসরি সমর্থনের বদলে অর্থনৈতিক জাতীয়তাবাদ, পররাষ্ট্রনীতিতে সংযম এবং জননিরাপত্তার মতো বিষয় সামনে আনছেন তিনি। এতে ট্রাম্পের পর রিপাবলিকান নেতৃত্বে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির চেষ্টা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের রিপাবলিকান সম্মেলনের পর ভ্যান্সের দেওয়া ছয়টি ভাষণ পর্যালোচনা করে এই পরিবর্তনের চিত্র পাওয়া গেছে। নির্বাচনী প্রচারে তিনি দলের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মূলত নিজের রাজনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে। ইরান যুদ্ধ ও অভিবাসীদের বহিষ্কারের মতো ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতির প্রসঙ্গ তুলনামূলকভাবে এড়িয়ে গেছেন তিনি।

ভ্যান্সের এই কৌশল পরিকল্পিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুজন ব্যক্তি। তাঁদের ভাষ্য, ভ্যান্স ও তাঁর উপদেষ্টারা মনে করছেন, অর্থনৈতিক জাতীয়তাবাদ, সংযত পররাষ্ট্রনীতি এবং জননিরাপত্তার মতো বিষয় ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের সঙ্গে এসব নীতির সম্পর্ক থাকলেও এগুলোর স্বতন্ত্র প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন ভ্যান্স।

নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন তিনি। সেখানে রিপাবলিকানদের হারের পেছনে ইরান যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত সংঘাত শেষ করার আহ্বান জানান। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় কমানো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টি নতুন করে পর্যালোচনার প্রস্তাব দেন।

জীবনযাত্রার ব্যয় নিয়ে ট্রাম্প ও ভ্যান্সের বক্তব্যেও পার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প যেখানে এ বিষয়ে ভোটারদের উদ্বেগকে ডেমোক্র্যাটদের প্রচারণার অংশ বলে উড়িয়ে দিয়েছেন, সেখানে ভ্যান্স বিষয়টিকে রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছেন। ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও তাঁর সাম্প্রতিক বক্তব্য ট্রাম্পের অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলে না।

তবে ভ্যান্সের বক্তব্যকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত হিসেবে দেখছেন না হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। তাঁদের দাবি, ভ্যান্সের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সম্পর্কে চিফ অব স্টাফ সুসি ওয়াইলস আগে থেকেই অবগত ছিলেন। ট্রাম্পও ভ্যান্সের অবস্থান সম্পর্কে জানেন বলে মন্তব্য করেছেন। যদিও ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের সমালোচনার পর দুই নেতার নীতিগত পার্থক্য নিয়ে আলোচনা বেড়েছে।

ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে বলে ট্রাম্পও স্বীকার করেছেন। তবে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের কাছে তাঁর বক্তব্য ছিল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ভিন্ন কিছু করতেন না।

রিপাবলিকান কৌশলবিদদের একাংশ মনে করছেন, ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য তাঁকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে আনতে পারে। সাবেক হাউস স্পিকার জন বোহনারের উপদেষ্টা মাইকেল রিচির মতে, ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থান দলটির ভবিষ্যৎ নীতি এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

তবে নির্বাচনী প্রচারে ভ্যান্সের নিজের অর্জনও প্রশ্নের মুখে পড়েছে। তিনি যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন, সেখানেও দলটি পরাজিত হয়েছে। ওহাইওর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। ভ্যান্স সমর্থিত কিছু প্রচারকৌশল নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরাজয়ের কারণ নিয়ে রিপাবলিকান নেতাদের মধ্যেও মতভেদ রয়েছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজের মতে, জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে দল যথেষ্ট গুরুত্ব দেয়নি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস আবার মনে করেন, কয়েকজন পরাজিত প্রার্থী ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশি মনোযোগ দিয়েছেন এবং ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করেননি।

প্রচারণার শেষ পর্যায়ে ভ্যান্স স্বাস্থ্যসেবা ও দারিদ্র্যবিমোচন কর্মসূচিতে জালিয়াতির তদন্ত, অভিবাসননীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলেছেন। তবে ইরান যুদ্ধ ও জ্বালানির দাম নিয়ে তাঁর বক্তব্য ছিল সীমিত; ট্রাম্পের নামও তুলনামূলক কম উল্লেখ করেছেন তিনি।

২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ভ্যান্স। ট্রাম্পও তাঁকে বা অন্য কাউকে উত্তরসূরি হিসেবে সমর্থন জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের সমর্থন ধরে রাখা এবং সাধারণ নির্বাচনে ভোটারদের কাছে গ্রহণযোগ্য হতে তাঁর বিতর্কিত নীতি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে হবে ভ্যান্সকে।

জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!