যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাশিয়ায় আন্তর্জাতিক ক্লাইমেট চেঞ্জ অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ PM ৪৮
রাশিয়ায় আন্তর্জাতিক ক্লাইমেট চেঞ্জ অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

IOCE 2026-এ অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্যরা। ছবি : সবুজ নিশান

রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াড IOCE 2026-এ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের শিক্ষার্থীরা একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক এবং একটি মেরিট সার্টিফিকেট অর্জন করেছেন।

বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন আবু মাহজূরাহ আয়মান। তিনি ১০০ নম্বরের মধ্যে পূর্ণ ১০০ নম্বর পেয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

অন্যদিকে এস এম আনফাল হাবিব ও ফাবিহা নূরজীনা পেয়েছেন ব্রোঞ্জপদক। ইস মাহ আরূশের অর্জন মেরিট সার্টিফিকেট।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলের সদস্যরা কয়েক মাস ধরে প্রস্তুতি নেন। ঢাকায় অনুষ্ঠিত নিবিড় কর্মশালার মাধ্যমে তাদের প্রস্তুতি শুরু হয়। এরপর রাশিয়ার সোচির সিরিয়াসে মাঠপর্যায়ের কাজ, ল্যাবরেটরি কার্যক্রম এবং প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশ নেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহের পাশাপাশি তাদের দীর্ঘ প্রস্তুতিও এই ফলাফলে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক পর্যায়ে মাঠপর্যায়ের কাজ ও ল্যাবরেটরি কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান বাংলাদেশ দলের সদস্যরা।

বাংলাদেশ দলের এই অর্জনের পেছনে Bangladesh Olympiad on Climate Change and Environmental Issues (BOCE)-এর আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

IOCE 2026-এ বাংলাদেশের এমন ফলাফল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশবিজ্ঞান ও গবেষণাভিত্তিক বিজ্ঞানচর্চায় আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

IOCE 2026 আবু মাহজূরাহ আয়মান জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!