ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ ও আঁতাতের বিষয়ে বিএনপি তথ্যপ্রমাণ প্রকাশ করেছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
রিজভীর অভিযোগ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যা বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের বিষয়ে বিএনপির কাছে প্রয়োজনীয় নথি ও তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তাঁর বক্তব্য, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে গুরুত্ব না দিয়ে সরকার জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করছে।
সরকারের বিভিন্ন অর্জনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। তাঁর মতে, এটি সরকারের নীতির প্রতিফলন।
ফকিরাপুলের ওই কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বিএনপি জামায়াতে ইসলামী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!