ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁর কাছে মহাসড়ক দিয়ে হাঁটার সময় তাঁদের ধাক্কা দেয় অজ্ঞাত গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। আহত বাবা-ছেলেকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেগুলো নিজেদের হেফাজতে নেয় পুলিশ। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
টঙ্গীতে সড়ক দুর্ঘটনা বাবা-ছেলের মৃত্যু
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!