যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বিচার দেখতে চায় মানুষ: মীর শাহে আলম

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ PM | সর্বশেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ PM ৪
শেখ হাসিনার বিচার দেখতে চায় মানুষ: মীর শাহে আলম

বগুড়ার মোকামতলায় সুধী সমাবেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে তাঁর বিচার দেখতে জনগণ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বিএনপির রাজনৈতিক জনপ্রিয়তা, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়ে মাঝেমধ্যে হুমকি দেওয়া হলেও তিনি এখনো ফেরেননি। তাঁর ভাষ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় বিপুলসংখ্যক মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। এই দুই পরিস্থিতিকে তিনি জনসমর্থন ও জনগণের ভালোবাসার পার্থক্য হিসেবে তুলে ধরেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস মুছে ফেলা কিংবা সত্য আড়াল করা সম্ভব নয়। তাঁর দাবি, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ইতিহাস পরিবর্তন করা যাবে না। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি। মীর শাহে আলমের মতে, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে এবং জনগণের আস্থা ও ভালোবাসাই দলটির প্রধান শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে চান। প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য তুলে ধরেন তিনি।

ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমদের আর্থিক নিরাপত্তা নিয়েও জামায়াতের সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, ধর্মীয় দায়িত্ব পালনকারীদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতে ভোট দিয়েছেন—এমন ব্যক্তিদের বিএনপিতে যোগ দেওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলোও ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বগুড়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

মীর শাহে আলম শেখ হাসিনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!