যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগান, দায়িত্বে অবহেলায় প্রত্যাহার ২ পুলিশ সদস্য

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ PM ৪
নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগান, দায়িত্বে অবহেলায় প্রত্যাহার ২ পুলিশ সদস্য

ছবি:সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা শাহ তপুর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহ তপুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়।

পরে একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে শাহ জুয়েল হাজতে থাকা শাহ তপুকে পানি দিতে যান। এ সময় তিনি কৌশলে নিজের মোবাইল ফোনে শাহ তপুর স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওতে শাহ তপুকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানা হাজতের নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। নিয়ন্ত্রিত হাজতকক্ষে কীভাবে মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করা হলো, তা নিয়েও আলোচনা শুরু হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী শাহ জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকেও সন্ত্রাসবিরোধী আইনে করা একই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন জানান, হাজতে থাকা শাহ তপুকে পানি দিতে গিয়ে জুয়েল তাঁর বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নবীগঞ্জ থানা ছাত্রলীগ নেতা শাহ তপু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!