যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ PM ৫
ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

ছবি:সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকা, পরিচ্ছন্নতার ঘাটতি এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এসব অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের পরিবেশ ঘুরে দেখার সময় এসব অনিয়ম তাঁর নজরে আসে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড এবং ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও শৌচাগারের অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ ছাড়া হাসপাতালের ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকার ঘটনায় উদ্বেগ জানান। এসব সরঞ্জাম সেখানে কীভাবে গেল, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি।

চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের গাইনি ওয়ার্ডের এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে বলে জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে প্রয়োজনীয় স্যালাইন থাকা সত্ত্বেও রোগীকে কেন বাইরে থেকে তা কিনতে হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন মন্ত্রী।

এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় সংশ্লিষ্টদের কাছে কারণ জানতে চান তিনি। জবাবে ছুটির কারণে প্রতিবেদন জমা দিতে দেরি হয়েছে বলে জানানো হয়।

এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। এ সময় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা চালু এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!