ছবি:সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলটি থামানোর চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে মিছিলকারীদের একটি অংশ লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা গোপালগঞ্জে পুলিশ আহত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!