যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি, লেভেল প্লেয়িং ফিল্ড চান জামায়াত আমির

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ PM ৪
স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি, লেভেল প্লেয়িং ফিল্ড চান জামায়াত আমির

ছবি:সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ইতিবাচক পরিস্থিতি দেখছেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণ যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাঁরাই যেন ক্ষমতায় যেতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশনে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের কাউকে কেন নিয়োগ দিতে হবে?

জামায়াত আমির বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নিজ এলাকায় গিয়ে বিএনপির প্রার্থী জয়ী না হলে বরাদ্দ দেওয়া হবে না বলে বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের বক্তব্য জনগণের মধ্যে ভীতি তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, ভয়ভীতি ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তার সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। নির্বাচনের আগে এসব প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

শফিকুর রহমান বলেন, তাঁরা কোনো দলের অনুগ্রহ নিয়ে রাজনীতি করতে চান না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হওয়াকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই উন্নতি পরিমাপের মানদণ্ড কী, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংবাদমাধ্যমের ভূমিকা ও স্বাধীনতা নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি সংবাদপত্রকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও অসংগতি প্রকাশ পায়।

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় সংবাদমাধ্যম ও রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত এসেছিল। বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং চারটি সংবাদপত্র ছাড়া অন্য সংবাদমাধ্যমের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে জেলা জামায়াতের নেতারা শফিকুর রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

স্থানীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!