বাংলাদেশের উচ্চশিক্ষা প্রশাসনের ইতিহাসে পদোন্নতি জট একটি দীর্ঘস্থায়ী ও কাঠামোগত সমস্যা। এই জট কেবল ব্যক্তিগত হতাশা ও পেশাগত স্থবিরতার জন্ম দেয়নি, বরং শিক্ষকদের প্রণোদনা কাঠামোকে দুর্বল করেছে, একাডেমিক নেতৃত্বের ধারাবাহিকতা ব্যাহত করেছে এবং সর্বোপরি শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রশাসনিক কর্মতৎপরতা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী ইঙ্গিত বহন করে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম মূলত শূন্য পদের সীমাবদ্ধতার অজুহাতে স্থবির ছিল। অথচ প্রশাসনিক বাস্তবতা হলো—বিভিন্ন মন্ত্রণালয় ও ক্যাডারে শূন্য পদের অতিরিক্ত সংখ্যক কর্মকর্তাকে প্রশাসনিক প্রয়োজনীয়তার ভিত্তিতে পদোন্নতি প্রদান একটি স্বীকৃত ও পরীক্ষিত পদ্ধতি। শিক্ষা ক্যাডারেও যদি অতীতে এই প্রশাসনিক বাস্তবতাকে সময়মতো ও ধারাবাহিকভাবে প্রয়োগ করা হতো, তাহলে হয়তো শিক্ষকদের শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলনের পথে নামতে হতো না। নিয়মিত ও ন্যায্য পদোন্নতির অনুপস্থিতিই শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এক যুগেরও বেশি সময় ধরে চাতক পাখির মতো পদোন্নতির আশায় অপেক্ষমাণ করে রেখেছে। এই দীর্ঘসূত্রতা কেবল ব্যক্তিগত বঞ্চনার জন্ম দেয়নি; বরং একাডেমিক পরিবেশকে অস্থির করেছে এবং শিক্ষাব্যবস্থার স্বাভাবিক গতিপ্রবাহকেও ব্যাহত করেছে।
বর্তমান শিক্ষা উপদেষ্টা ও সচিবের নেতৃত্বে এবং তাঁর অধীনস্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্মদক্ষতা ও ন্যায্যতাবিধানের অলিখিত অঙ্গীকার, পাশাপাশি দীর্ঘদিন বঞ্চিতদের যৌক্তিক আন্দোলন—এই দুইয়ের সম্মিলিত প্রভাবে শিক্ষা ক্যাডারের পদোন্নতি সমস্যা আজ প্রায় নিষ্পত্তির পথে।
এই যুগান্তকারী উদ্যোগের শুরু হয়েছিল ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর। যখন মাত্র ২৬০টি শূন্য পদের বিপরীতে ৯২২ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রশাসনিক বিবেচনায় পদোন্নতি প্রদান কোনো ব্যতিক্রমী ঘটনা নয়; বরং বহুল চর্চিত, প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য প্রশাসনিক রীতি অনুসরণের মধ্যেই সমাধান নিহিত।
সাম্প্রতিক সময়ের পদোন্নতি কার্যক্রম এই ধারাবাহিকতাকেই আরও দৃশ্যমান করেছে। গত বছরের ২০ নভেম্বর ১,৮৭০ জন প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। পরবর্তীতে ১১ ডিসেম্বর ১,৭১১ জন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক পদে এবং একই দিনে ৯৯৫ জন সহযোগী অধ্যাপক অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। সংখ্যার বিচারে এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি শিক্ষা ক্যাডারের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ওঠার একটি কাঠামোগত প্রয়াস।
তবে তুলনামূলক বাস্তবতা বিশ্লেষণ করলে একটি স্পষ্ট বৈষম্য চোখে পড়ে। বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই ব্যাচের কর্মকর্তারা কৃষি, খাদ্য, পুলিশ, করসহ অন্যান্য ক্যাডারেও নিয়মিত পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও মর্যাদার উচ্চতর স্তরে উন্নীত হয়েছেন। অথচ একই ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখনো কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত।
আরও লক্ষণীয় যে, ৫ আগস্টের পর অন্যান্য টায়ারে দুই দফা পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হলেও প্রভাষক পর্যায়ে পদোন্নতি হয়েছে মাত্র একবার। ফলে পদোন্নতির স্বাভাবিক চক্র এখনো সম্পূর্ণ হয়নি। এই বাস্তবতায় শিক্ষা ক্যাডারের ভেতরে একটি যৌক্তিক, ন্যায়সংগত ও প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য প্রত্যাশা তৈরি হয়েছে—পদোন্নতি চক্র সম্পন্ন করার লক্ষ্যে অন্তত বিসিএস ৩৭তম ব্যাচ পর্যন্ত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হবে।
এই প্রত্যাশা কোনো আবেগনির্ভর দাবি নয়; বরং এটি প্রশাসনিক ন্যায্যতা, ক্যাডারভিত্তিক সাম্য এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সুদক্ষ নেতৃত্ব, আন্তরিক তত্ত্বাবধান ও সুস্পষ্ট দিকনির্দেশনার মাধ্যমে এই দীর্ঘদিনের পদোন্নতি সমস্যার টেকসই সমাধান সম্ভব।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ক্যাডারের ইতিহাসে প্রথমবারের মতো সুপারনিউমারি পদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে বিভিন্ন ক্যাডারে এমন উদ্যোগ দেখা গেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি সমস্যার সমাধানে এই ধরনের কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ এবারই প্রথম। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী প্রশাসনিক সিদ্ধান্ত।
অন্যান্য মন্ত্রণালয়ের মতো প্রশাসনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যোগ্য সকল প্রভাষককে সময়োপযোগীভাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান এখন সময়ের দাবি। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নয়; বরং এটি জাতীয় শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা, শিক্ষকদের প্রণোদনা এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার একটি মৌলিক শর্ত।
পদোন্নতি জট নিরসনের এই উদ্যোগ কেবল একটি অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার নয়; এটি আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (Sustainable Development Goals—SDGs)-এর লক্ষ্য ৪ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর টার্গেট 4.c-এ বলা হয়েছে— “By 2030, substantially increase the supply of qualified teachers, including through international cooperation for teacher training.”
অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে মানসম্মত শিক্ষার জন্য যোগ্য শিক্ষকসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে এবং তাদের প্রশিক্ষণ, কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা উন্নয়নে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। SDG-4–এর অন্যান্য লক্ষ্য, যেমন 4.a ও 4.b-তেও পরোক্ষভাবে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণবান্ধব পরিবেশ এবং সহায়ক অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এই বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান উদ্যোগগুলো বিশেষ তাৎপর্য বহন করে। সাত কলেজের দীর্ঘদিনের জটিল সমস্যার যৌক্তিক সমাধানে মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের নিরলস প্রচেষ্টা, শিক্ষকদের দীর্ঘদিনের বাড়িভাড়া, বেতন ও পদোন্নতি সংক্রান্ত সমস্যার পর্যায়ক্রমিক নিরসন—সব মিলিয়ে এটি একটি সুসংহত সংস্কারপ্রক্রিয়ারই অংশ। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় কেবল প্রশাসনিক ন্যায্যতা নিশ্চিত করছে না; বরং বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে।
বলা যায়, যুগ যুগ ধরে জমে থাকা পদোন্নতির জট অবশেষে আলগা হতে শুরু করেছে। এখন প্রয়োজন এই উদ্যোগের ধারাবাহিকতা, নীতিগত স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এই পথেই শিক্ষা ক্যাডার পাবে তার প্রাপ্য মর্যাদা, শিক্ষকসমাজ হবে আরও প্রণোদিত ও দক্ষ, আর রাষ্ট্র পাবে একটি শক্তিশালী ও টেকসই শিক্ষা ব্যবস্থা।
সজিব
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!