ছবি : সংগৃহীত
ওমরাহ পালনে আগ্রহীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। এখন থেকে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে এক বছরে সৌদি আরবে অবস্থানের মোট সময়সীমা হবে সর্বোচ্চ ৯০ দিন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি সরকারের ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, সেবার মান উন্নত করা এবং ওমরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করা।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের ‘নুসুক’ প্ল্যাটফর্মের অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সেবাপ্যাকেজ গ্রহণ করতে হবে।
তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদি আরবে প্রবেশের আগে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) নিতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ভিসাধারী সৌদি আরব থেকে বের হওয়ার পর তার মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হলে ভিসাটি আবার সক্রিয় করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসার সুবিধা পাওয়া যাবে না। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা স্থগিত থাকবে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য ওমরাহ পালন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরব ওমরাহ ভিসা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!