ছবি: সংগ্রহীত
দেশের এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে, যা আদায় করা সম্ভব হলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। এ মন্তব্য করেছেন সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং যাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।
ড. আবদুল মজিদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ যাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “যাকাত সঠিকভাবে প্রদান মানে শুধু অভাবীদের সহায়তা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে ভবিষ্যতে তারা দাতা হতে পারে।” তিনি আরও বলেন, দেশে দারিদ্র্য বিমোচনে সরকার বিদেশি লোন নেয়, অথচ ব্যক্তিগত উদ্যোগে এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহ করা সম্ভব। এই অর্থের যথাযথ ব্যবস্থাপনা হলে দারিদ্র্য বিমোচনে সরকারের লোনের প্রয়োজন হবে না।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে তাদের ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের লক্ষ্য রয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষাব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৭,৫০০ শিক্ষার্থীর মধ্যে ৫০০ শিক্ষার্থীকে জিনিয়াস উচ্চ বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। ডায়ালাইসিস সেন্টারে মাসে ৬০ জন, থ্যালাসেমিয়া রোগীদের ৩০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ১৫টি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষা এবং ৫,৫০০ জনকে ভোকেশনাল ট্রেনিং প্রদান করে দক্ষ মানবসম্পদ গঠন করা হচ্ছে।
চতুর্দশ যাকাত ফেয়ারের প্রতিপাদ্য হলো “ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত”। এটি আগামী ৩১ জানুয়ারি, শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। ফেয়ারের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হাসান জিল্লুর রহমান।
ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০:২০ মিনিটে শুরু হবে “Islamic Social Finance: A Roadmap for the Way Forward” শীর্ষক সিম্পোজিয়াম। বেলা আড়াইটায় মহিলাদের জন্য “নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন” অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. সৈয়দা সুলতানা রাজিয়া এবং প্রশ্নোত্তর দেবেন ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। একই সময়ে অন্য হলে অনুষ্ঠিত হবে “চ্যারিটি প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময় সেশন”, যেখানে ২০টি দেশি-বিদেশি সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সবার জন্য উন্মুক্ত এই ফেয়ারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসায়েল সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে। এতে অংশ নেবেন ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. আ. ক. ম. আবদুল কাদের, অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, অধ্যাপক মোখতার আহমাদ এবং শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আরাস্তু খান।
যাকাত ফেয়ার ২০২৬ বাংলাদেশ জাকাত ইসলামিক ফাইন্যান্স
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!