যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM
নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ; ছবি: সংগৃহীত

নেপালের উত্তরাঞ্চলে গত আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বাংলাদেশ সরকারের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে বালেন্দ্র শাহ ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের আর্থিক সহায়তা বন্যা-পরবর্তী ত্রাণ, মানবিক কার্যক্রম এবং পুনরুদ্ধারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নেপালের প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে।

চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও উল্লেখ করেন বালেন্দ্র শাহ। গত ২৭ আগস্ট সংসদে নেওয়া ওই উদ্যোগকে তিনি নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন।

দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশীর পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও বন্ধুত্ব ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেয় বাংলাদেশ সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, পুনরুদ্ধার ও অন্যান্য মানবিক কার্যক্রমে এই অর্থ ব্যবহারের কথা জানানো হয়েছিল।

বালেন্দ্র শাহ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!