যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ পুলিশ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ PM
অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ পুলিশ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায় ও রেঞ্জ পর্যায়ে একযোগে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তার নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির পর পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পেয়েছেন।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল পদে থাকা অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়ের পাঁচ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আর খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জে পাঠানো হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশ পুলিশ রদবদল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!