আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী; ছবি: সংগৃহীত
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য পাওয়া বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তাদের সম্মাননা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ তথ্য জানান। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এবং তাদের হাতে বই উপহার দেন।
এ সময় তারেক রহমান বলেন, দেশের সন্তানরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজদের সাফল্যকে তিনি শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের মুসলমানদেরও অর্জন হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর হাফেজদের উৎসাহ ও সম্মান জানানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি বর্তমান সরকারের নীতির অংশ। দেশের তরুণ ও মেধাবী সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে ভালো ফল অর্জন করলে সরকার তাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।
সরকার গঠনের পর থেকেই যোগ্য ও মেধাবীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হাফেজদের সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার সময় যে সূরাগুলো তিলাওয়াত করেছিলেন, সেগুলোর আয়াত বিজয়ী হাফেজদের কণ্ঠে শোনেন প্রধানমন্ত্রী।
গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগী অংশ নেন। সেখানে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
একই প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী। ১৫ পারা বিভাগে হাফেজা রাবেতা বিনতে রমজান এবং ৩০ পারা বিভাগে হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজয়ী হাফেজদের শিক্ষক কাইয়ুম মোল্ল্যা, মুঈনুদ্দীন মজুমদার, আবু বকর ও সাজেদা খাতুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাফেজ তারেক রহমান আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!