যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগের মিছিল ঘিরে গ্রেপ্তার ২০, নেতৃত্বের অভিযোগে ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ PM
ফেনীতে ছাত্রলীগের মিছিল ঘিরে গ্রেপ্তার ২০, নেতৃত্বের অভিযোগে ৮

ফেনীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা; ছবি: সংগৃহীত

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজন রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজারী রোডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলের খবর পাওয়ার পর ফেনী মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান শুরু করে। একপর্যায়ে সালাহউদ্দিন মোড় এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ফখরুল ইসলাম (২৩), ইমাম হোসেন (২৪), শহিদুল ইসলাম স্বাধীন (২৩), রোহান পাটোয়ারী (২৩), ফখর (২২), মো. তানিম (২২), গোলাম রাব্বি (২৩) ও নুর ইসলাম (২২)।

এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহের হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

এদিকে একই রাতে পুলিশের পৃথক বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মাদক কারবার, মাদক সেবনসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ছিল।

ফলে মিছিলের ঘটনায় গ্রেপ্তার আটজন এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার ১২ জনসহ ওই রাতের অভিযানে মোট ২০ জন পুলিশের হাতে আটক হন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় বিশেষ অভিযানটি পরিচালিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফেনী ছাত্রলীগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!