সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ছড়ানো কিংবা শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে কারখানা বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু মহল শ্রমিকদের উসকানি দিয়ে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ালে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
উৎপাদন বন্ধ রেখে শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ জানান, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষ্য, কিছু ব্যক্তি হামলার চেষ্টা করছে। শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণ করা হয়েছে এবং ন্যূনতম মজুরি বোর্ডও গঠন করা হয়েছে। এ কারণে শ্রমিকদের মধ্যে সন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
পোশাক ও নিটওয়্যার খাতের শ্রমিকনেতা এবং কারখানার মালিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। ন্যূনতম মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে আলোচনা ও দর-কষাকষি হবে।
শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকার বোর্ডকে অনুরোধ জানিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, মজুরি নির্ধারণের বিস্তারিত বিষয় বোর্ডের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।
শিল্পাঞ্চলে নতুন করে অসন্তোষ বা বিশৃঙ্খলা তৈরির যৌক্তিক কারণ নেই বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, রাজনৈতিক স্বার্থে একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, এসব তৎপরতার সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু পক্ষ জড়িত। এ ধরনের চেষ্টা সরকার কঠোরভাবে দমন করবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্প গার্মেন্টস শ্রমিক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!