যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে লরির চাপায় শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথে বিক্ষোভ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM ১৪
সীতাকুণ্ডে লরির চাপায় শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথে বিক্ষোভ

দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে কনটেইনারবাহী লরির ধাক্কায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীসহ মিনিবাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, দুর্ঘটনায় তাঁদের বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে মাইশাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বিশ্ববিদ্যালয়ের গেট এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ উল্টো দিকে মোড় নেয়। গাড়িটিকে রক্ষা করতে গিয়ে দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকামুখী ৮ নম্বর পরিবহনের একটি মিনিবাসের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর লরিটি সড়কের ওপর উল্টে যায়।

এ সময় বাস থেকে নামা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরির নিচে চাপা পড়েন বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মিনিবাসের ভেতরে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন। পরে উদ্ধারকারীরা তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের দুর্ঘটনায় আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মাইশাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিউল ইসলাম শুভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে উল্টে থাকা লরি ও ক্ষতিগ্রস্ত মিনিবাস সরিয়ে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পরে রেললাইন অবরোধ করেন। সার্জেন্ট শফিউল ইসলাম শুভ জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকামুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামমুখী লেনেও যানজট দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!