যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

তরুণদের দলে টানতে প্রলোভন দেখানোর অভিযোগ এনসিপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ PM ৯
তরুণদের দলে টানতে প্রলোভন দেখানোর অভিযোগ এনসিপির বিরুদ্ধে

এনসিপিকে ঘিরে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: আবু হানিফের ফেসবুক থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে মেধাবী তরুণদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে দলে যুক্ত করার অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এনসিপির কর্মকাণ্ডে সেই সুযোগ নষ্ট হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আবু হানিফ। নিজের বক্তব্যের পক্ষে তিনি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলার প্রসঙ্গ তুলে ধরেন।

আবু হানিফের পোস্ট অনুযায়ী, ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া আবদুর রাজ্জাক ওরফে রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। তাঁর দাবি, তদন্তে রিয়াদের বিরুদ্ধে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায়ের তথ্য উঠে এসেছে।

পোস্টে আবু হানিফ আরও উল্লেখ করেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিয়াদ বলেছেন, ‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’ আবু হানিফের ভাষ্য, অর্থের প্রলোভনে পড়ে চাঁদা দাবির ঘটনায় জড়ানোর কথা ওই বক্তব্যে উঠে এসেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই মুখপাত্র। তাঁর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি গড়ে ওঠে এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলে ভেড়ানো হয়। এনসিপিতে যোগ দিলে সরকারি দপ্তরে বিশেষ মূল্যায়ন ও আয়ের সুযোগ তৈরি হবে—এমন ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আবু হানিফের মতে, এ ধরনের প্রলোভনে রিয়াদের মতো আরও অনেক তরুণ প্রভাবিত হয়েছেন। তাই সংশ্লিষ্ট তরুণদের কর্মকাণ্ডের দায় এনসিপি এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

আবু হানিফ গণঅধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!