হেমায়েতপুরে সংঘর্ষের সময় সাভার মডেল থানার ওসির ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
ঢাকার সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ও পদ্মার মোড়ের ঋষিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক রয়েছেন। তবে আহত শ্রমিকের সংখ্যা ও তাঁদের পরিচয় সম্পর্কে সূত্রে বিস্তারিত জানানো হয়নি।
পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। সকালে তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই হেমায়েতপুর ও ঋষিপাড়া এলাকার ১১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকেরা এলাকায় জড়ো হয়ে তাঁদের দাবিতে আন্দোলন চালিয়ে যান।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পদ্মার মোড় এলাকায় ওসির ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
সাভারে শ্রমিক বিক্ষোভ হেমায়েতপুরে সংঘর্ষ পোশাকশ্রমিক আন্দোলন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!