মিরপুর-১১ এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল। ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে বুধবার সকাল থেকে মূল সড়কগুলোতে শ্রমিকদের কোনো অবস্থান দেখা যায়নি। এর বিপরীতে মিরপুর-১১ এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক মিছিল করেছেন। এ সময় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর-১১ ও আশপাশের এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়। মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের সামনে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান রাখা হয়। স্টেশনের পাশের একটি গলিতে দায়িত্ব পালন করেন প্রায় ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দুটি মিছিল বের করেন। মিছিলগুলোতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’।
এদিকে সকাল ৯টার দিকে পল্লবী শিল্প এলাকার কয়েকটি কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। একই সময়ে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায়ও শ্রমিকদের সড়কে নামার চেষ্টা ঠেকাতে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার জানান, সকাল থেকে মিরপুর-১১ ও শিয়ালবাড়ী এলাকায় কয়েক দফায় শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। তাঁর ভাষ্য, সকাল থেকে কোনো সড়ক এক মিনিটের জন্যও বন্ধ হয়নি।
মিরপুরে শ্রমিক আন্দোলন পোশাকশ্রমিক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!