যুক্তরাষ্ট্র   বুধবার ৪ নভেম্বর ২০২৬,১৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক তৌফিকের স্মরণে জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ PM ৯
গাজীপুরে শ্রমিক তৌফিকের স্মরণে জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পোশাকশ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের স্মরণে আয়োজিত গায়েবানা জানাজা ও দোয়ার কর্মসূচি পুলিশের বাধায় শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের অভিযোগ, উপস্থিত লোকজনকে সরিয়ে দিতে পুলিশ ধাওয়া দেয় এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে নিহত তৌফিক শেখের স্মরণে গায়েবানা জানাজা ও মোনাজাতের আয়োজন করা হয়েছিল। কর্মসূচি শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।

এনসিপির মুখ্য সংগঠক আলী নাছের খান জানান, দুপুরে যুবশক্তির উদ্যোগে জানাজা ও দোয়ার আয়োজন করা হলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে উপস্থিত হন। তাঁরা কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের ঠেলে সরিয়ে দিতে থাকেন।

আলী নাছের খানের ভাষ্য, বাধার মধ্যেই আয়োজকেরা দ্রুত মোনাজাত শুরু করেন। মোনাজাত চলার সময় পুলিশ সদস্যরা আবারও এগিয়ে এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরা ছুটোছুটি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরে শ্রমিক আন্দোলন তৌফিক শেখ পোশাকশ্রমিক নিহত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!