যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছালো

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ PM ৩
ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছালো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ফাইল ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৭ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন জমার সময় ২১ বারের মতো পেছাল।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরবর্তী তারিখ ঘোষণা করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা, অর্থাৎ হত্যার অভিযোগ যুক্ত করার নির্দেশ দেন।

এর আগে ৬ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। অভিযোগপত্রে থাকা ব্যক্তিদের মধ্যে ১১ জন কারাগারে এবং ছয়জন পলাতক রয়েছেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

তবে ডিবির তদন্তে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করে। আদালত আবেদনটি গ্রহণ করে মামলার অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। এরপর থেকে সিআইডির প্রতিবেদন দাখিলের জন্য ধার্য তারিখ একাধিকবার পরিবর্তন হয়েছে।

শরীফ ওসমান হাদি হাদি হত্যা মামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!