কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমন্বিত রাজনৈতিক সমর্থন চেয়েছে বাংলাদেশ। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ, অধিকারভিত্তিক ও টেকসই—এমন অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিশেষ রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন তিনি। সেখানে রোহিঙ্গা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতি মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। পারস্পরিক বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল প্রয়োগ এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায়ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও অধিকারভিত্তিক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ প্রক্রিয়ায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাজনৈতিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
রোহিঙ্গা প্রত্যাবাসন কমনওয়েলথ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!