ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
যুদ্ধের চাপ তৈরি করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভাষ্য, তেহরান আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা চালাবে, তবে অন্য পক্ষের অসংগত দাবি ও চাপের কাছে নতি স্বীকার করবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এর আগের দিন প্রাদেশিক গভর্নর ও বড় শহরগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শত্রুপক্ষের তৈরি করা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বৈঠকে প্রেসিডেন্ট জানান, তাঁর সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজছে। এ প্রক্রিয়ায় ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রশাসনকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
যুদ্ধের পরিণতি কারও জন্যই কল্যাণকর নয় মন্তব্য করে পেজেশকিয়ান বলেন, সামরিক সংঘাতের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। একই সঙ্গে তিনি শত্রুপক্ষের মিথ্যা প্রচার ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখার কথা জানান।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সীমান্ত বাণিজ্য ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগও করেন প্রেসিডেন্ট। তাঁর দাবি, শত্রুপক্ষ সীমান্ত বন্ধ এবং আন্তসীমান্ত বাণিজ্য ব্যাহত করতে চায়। তবে জনগণের ঐক্য ও সহযোগিতা এসব উদ্যোগ মোকাবিলায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের প্রতি জনগণের আস্থা ও সমর্থন থাকলে বাইরের হুমকি থেকে তৈরি হওয়া সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন পেজেশকিয়ান। জনগণের সহযোগিতা পেলে শত্রুপক্ষের পরিকল্পনা ও ষড়যন্ত্র প্রতিহত করার সক্ষমতা সরকারের থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
মাসুদ পেজেশকিয়ান ইরান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!