যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান না খেললে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ বাংলাদেশের

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM
পাকিস্তান না খেললে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ বাংলাদেশের

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা; ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানালে টুর্নামেন্টে রিজার্ভ দল হিসেবে থাকা বাংলাদেশ ও ওমানের সামনে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা হওয়ার কথা। ভারতের মুম্বাই ও জলন্ধরে বসবে এবারের আসর। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার খেলার কথা রয়েছে। পাকিস্তান অংশ না নিলে বিকল্প হিসেবে বাংলাদেশ ও ওমানকে বিবেচনা করা হতে পারে বলে জিও সুপারের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতে খেলতে যাওয়ার বিষয়ে পিএইচএফ দুটি দাবি জানিয়েছে। প্রথমত, টুর্নামেন্টটি ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে তারা। সেই ব্যবস্থা করা সম্ভব না হলে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে ফেডারেশনটি।

পাকিস্তানের দল না পাঠানোর সিদ্ধান্তের পেছনে দুই দেশের বর্তমান সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন পিএইচএফ সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি। তাঁর ভাষ্য, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের আপত্তি নেই বলেও জানিয়েছেন ওয়ানি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতসহ আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সব সদস্য দেশের বিপক্ষে খেলতে পাকিস্তান প্রস্তুত। একই সঙ্গে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার নীতির প্রতিও তারা অঙ্গীকারবদ্ধ।

এর আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাকিস্তানের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি দেওয়া ভারতের নীতির অংশ। তবে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

এবারের আসরে ভারত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলবে। ২০২৩ সালে চেন্নাইয়ে স্বাগতিক হিসেবে শিরোপা জেতার পর ২০২৪ সালে চীনের হুলুনবুইরে অনুষ্ঠিত আসরেও চ্যাম্পিয়ন হয় তারা। ফলে এবার টানা তৃতীয় শিরোপা জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে।

ভারতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এমন পরিস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ হকি থেকেও পাকিস্তান দল প্রত্যাহার করেছিল। তখন দুই দেশের রাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ক্রিকেটেও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে আলাদা ব্যবস্থা কার্যকর রয়েছে। ২০২৪ সালে বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত কোনো দল যে দেশে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে, সেই দেশে অন্য দলটি যাবে না। এর ফলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আয়োজক হলেও ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলেছিল। একইভাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত আয়োজক হওয়ায় পাকিস্তান নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ওই বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছিল।

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি হকি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!