ছবি: সংগৃহীত
হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এসব প্রযুক্তির মাধ্যমে হাজিদের তথ্য ও চাহিদা বিশ্লেষণের পাশাপাশি যাতায়াত, ভিড় ব্যবস্থাপনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ডিজিটাল সহায়তা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের অন্যতম এআইভিত্তিক সেবা ‘নুসুক এআই’। এটি হজ, ওমরাহ ও পবিত্র স্থান পরিদর্শনসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। সেবাটিতে ১৮০টির বেশি ভাষায় সুবিধা রয়েছে এবং ব্যবহারকারীরা ভয়েসের মাধ্যমেও এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নুসুক এআই চালুর পর থেকে ২০ লাখের বেশি মানুষ এটি ব্যবহার করেছেন। শুধু গত মাসেই ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার। ফলে হজ ও ওমরাহসংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই সেবার ব্যবহার দ্রুত বাড়ছে।
হজযাত্রীদের সহায়তায় ‘ডিজিটাল মুত্তাওয়িফ’ নামের আরেকটি প্রযুক্তিনির্ভর সেবাও চালু করেছে সৌদি আরব। নুসুক অ্যাপের মাধ্যমে দেওয়া এই সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একজন হাজির অবস্থান ও গতিবিধি বিশ্লেষণ করতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী তাকে উপযুক্ত পথ ও স্থান সম্পর্কে নির্দেশনা দেয়।
ডিজিটাল মুত্তাওয়িফ তাওয়াফ ও সাঈয়ের চক্কর গণনাতেও সহায়তা করে। পাশাপাশি সংশ্লিষ্ট ধাপ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা ও দোয়া দেখানোর সুবিধা রয়েছে। এক মাসে এই সেবার ব্যবহার ২০ লাখ ছাড়িয়েছে। এর মাধ্যমে ১৪ লাখের বেশি মানুষ ডিজিটালভাবে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন।
শুধু সরাসরি হাজিদের সহায়তা নয়, হজ ব্যবস্থাপনার পরিকল্পনাতেও এআই ও ডেটা বিশ্লেষণ ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। হাজিদের আগমন ও প্রস্থানের সময়, অবস্থানের মেয়াদ, চাহিদা এবং ভিড়ের ধরন বিশ্লেষণ করে আগাম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া হাজিদের চলাচল ও দলভিত্তিক ব্যবস্থাপনা, ভিড়ের সম্ভাব্য চাপের সময় শনাক্ত করা এবং বাস চলাচলের পথ উন্নত করতেও বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। এর লক্ষ্য হলো পবিত্র স্থানগুলোতে মানুষের চলাচল আরও সুশৃঙ্খল করা এবং পরিবহন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো।
নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে ‘এআই এথিকস মার্ক’ও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দায়িত্বশীল ও নির্ভরযোগ্যভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিমালা অনুসরণের স্বীকৃতি হিসেবে এই সিল দেওয়া হয়েছে।
সৌদি আরবের বৃহত্তর ডিজিটাল রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে হজ ও ওমরাহ খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে হাজিদের প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহের পাশাপাশি হজ ব্যবস্থাপনায় আগাম পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!