যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যার প্রতিবাদে গানে গানে সোচ্চার নালন্দা শিক্ষার্থীরা

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:১০ PM

৮৫
রামিসা হত্যার প্রতিবাদে গানে গানে সোচ্চার নালন্দা শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

রাজধানীর Pallabi এলাকায় ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সঙ্গীতভিত্তিক মানবিক সমাবেশ করেছে Nalanda High School-এর শিক্ষার্থীরা। গানে গানে তারা শিশু হত্যার বিচার দাবি করেছে এবং সব ধরনের শিশু নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে Chhayanaut সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

“এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার” প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সমাবেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশস্থলে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “শিশুদের বাঁচতে দাও”, “শিশু নিপীড়ন বন্ধ করো”, “তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি”। মূল ব্যানারে ছিল— “অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ”, “ধর্ষক মনের মৃত্যু হোক” এবং “এ বর্বরতা রুখতে হবে”।

বিকেল ৫টায় রবীন্দ্রসংগীত “সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান” পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীরা পরিবেশন করে “আমাদের ভয় কাহারে”, “আপন হতে বাহির হয়ে”, “খরবায়ু বয় বেগে”, “আমি ভয় করব না”, “মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম”, “বুকে বেঁধে তুই দাঁড়া দেখি”, “সংঘ শরণ তীর্থযাত্রা”, “মানুষ হ” এবং “বাংলা মার দুর্নিবার”সহ বিভিন্ন গণসচেতনতামূলক গান।

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জায়ীদ আব্দুল্লাহ তামজীদ। তিনি বলেন, “মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় শৈশব। কোনো শিশুর কাছ থেকে সেই শৈশব কেড়ে নেওয়া চলতে পারে না।” একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা ও সমাজব্যবস্থায় মানবিক পরিবর্তন আনার পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশে শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। অনেক ঘটনায় শুরুতে প্রতিবাদ হলেও পরে সুষ্ঠু বিচার নিশ্চিত হয় না। এতে অপরাধীরা নতুন করে একই ধরনের অপরাধে উৎসাহ পায়।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ছায়ানটের সভাপতি Sarwar Ali। তিনি বলেন, “রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি আমরা কেউই মেনে নিতে পারছি না। আজকের গান ও প্রতিবাদের ভাষা মানুষের মধ্যে শুভবোধ জাগ্রত করবে বলে আমরা আশা করি।”

এ সময় ছায়ানটের সাধারণ সম্পাদক লাইস আহমদ লিসা, সহসভাপতি পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত রায়সহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!